
পটুয়াখালীর কুয়াকাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।
বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারন সম্পাদক এ্যাড. মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তার পদ স্থগিত করা হয়।
ওই নোটিশে মতিউর রহমানকে উদ্দেশ্য করে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকান্ডের অভিযোগের প্রেক্ষিতে আপনার কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পথ স্থগিত করা হলো। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
উল্লেখ্য, মতিউর রহমান হাওলাদার বিচারাধীন ও আদালতে নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিরোধীয় এক পক্ষকে কাগজপত্র, সাক্ষী ও প্রমানাদিসহ কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ওই নোটিশে উল্লেখ করা হয়, ওই পক্ষ নির্ধারিত সময় উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই ওই জমির বিষয়ে সিদ্ধান্ত নিবেন তিনি। মতিউর রহমানের এ কর্মকান্ড দলীং শৃঙ্খলা বিরোধী। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হলে জেলা বিএনপি তাকে শোকজ করে এবং পরে তার পদ স্থগিত করে ।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, মতিউর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তার পদ স্থগিত করা হয়েছে। সে দলীয় কোন প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবে না। দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।




