
বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে, উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকা কয়েকশ' ছোট-বড় গাড়ি ঘাট এলাকায় আটকে পড়ে। এতে বৃষ্টির মধ্যে পারের অপেক্ষায় ঘাটে এসে আটকে থেকে তাদের দুর্ভোগ পোহাতে হয় বলে যাত্রী ও যানবাহন চালক-শ্রমিকরা জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ করে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। একই সাথে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুপুর ২টা ১৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। এ সময় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো ফেরি চলাচল শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা করা হবে।



