
নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার আহ্বায়ক দিলনেওয়াজ খানের রেল কোয়ার্টার থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক দিলনেওয়াজ খান ও সাজু খানের দখলে থাকা মুন্সিপাড়ার ওই রেল কোয়ার্টার থেকে ট্রান্সফরমারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিলনেওয়াজ খানের বড় ভাই মরহুম পারভেজ খান ও তাঁর এক পার্টনার মিলে কিল-কাঠির একটি কারখানা খুললে সেখানে ট্রান্সফরমারটি ব্যবহার করা হতো। পারভেজ খান মারা যাওয়ার পর কারখানাটি বন্ধ হয়ে গেলে ট্রান্সফরমারটি বিক্রি করে দেওয়া হয়। পরে যুবলীগ নেতা দিলনেওয়াজ খান ও সাজু খান ট্রান্সফরমারটি নিয়ে এসে উল্লেখিত রেল কোয়ার্টারে রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় শাহিন পারভেজ নামে এক ব্যক্তি ট্রান্সফরমারটির মালিকানা দাবি করে সৈয়দপুর থানায় অভিযোগ দেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে রেল কোয়ার্টার থেকে ট্রান্সফরমারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ট্রান্সফরমার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা।




