
জামালপুরে স্ত্রী হত্যা মামলায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট ফজলুল হক জানান, কুমিল্লার বাসিন্দা আমানুল্লাহর মেয়ে লাইজু আক্তারের সঙ্গে ইসলামপুরের জাহাঙ্গীর আলমের বিয়ে হয় ২০০৭ সালের ২৯ ডিসেম্বর।
বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে লাইজু আক্তারকে তার স্বামীসহ আসামিরা নির্যাতন ও মারধর করতেন বলে অভিযোগ করা হয়।
২০১২ সালের ২ ডিসেম্বর যৌতুকের দাবিতে লাইজুকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি মারা গেলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে ওড়না দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলাটির তদন্ত শেষে ২০১৩ সালের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় রাষ্ট্রপক্ষ আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করেন বিচারক। এতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত দণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবার পাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে, মামলার অপর আসামি ওয়াহেদ আলী ও জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।




