
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা রেম্রাপাড়ার দুই বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্লাকশ্যে উচ্চ বিদ্যালয় হল কক্ষে স্থানীয় সংগঠন ‘আকুংসু প্যগেমি আফোই’-এর উদ্যোগে এবং প্রবাসী মংমাংপ্রু মারমা ও ম্যামাচিং মারমার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাইওয়া মারমার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অংসা মারমার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী।
উদ্বোধন করেন প্রধান শিক্ষক রামপ্রু মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা চাইরিপ্রু মারমা, ইউপি সদস্য ম্রাসাজাই মারমা, স্থানীয় বিহার সভাপতি সুফউ মারমা, সাংবাদিক রিপন সরকার ও শিক্ষানুরাগী রাজু মারমা।
আয়োজকরা জানান, পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ। পরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্লাকশ্যে উচ্চ বিদ্যালয় ও রেম্রাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।




