
জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার চালুর দুইদিনের মাথায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে। বয়লারে লিকেজের কারনে বুধবার রাত থেকে উৎপাদন বন্ধ করা হয়েছে।
গ্যাস সরবরাহের ১৮ দিন পর গত ৬ অক্টোবর ভোরে সার উৎপাদনে যায় কারখানাটি।
কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ বিচ্ছিনের পর থেকেই বন্ধ ছিল কারখানার ইউরিয়া উৎপাদন। দীর্ঘ ২১৬ দিন পর গত ১৮ সেপ্টেম্বর থেকে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস পাবার পর কারখানা সচল করে গত ৬ অক্টোবর ভোররাত থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু গতরাত সাড়ে দশটায় কারখানার বয়লারে লিকেজের কারনে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে। তবে এ্যামোনিয়া উৎপাদন এখনো স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বয়লারের লিকেজ সারিয়ে পুনরায় উৎপাদনে যেতে অন্তত দুইদিন সময় লাগবে বলে জানান কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
যমুনা সার কারখানায় প্রতিদিন উৎপাদন করা হয় প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯ জেলায় সরবরাহ করা হয়।




