
গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ব্যাংকের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসির চন্দনাইশ উপশাখার অফিসার ইনচার্জ সৈয়দ আশরাফুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ নিউ মার্কেটের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল, সাংবাদিক কামরুল ইসলাম মোস্তফা, সাংবাদিক এস এম ওমর ফারুক, পৌরসভার কর্মকর্তা শাহাদাত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের ট্রানজেকশন সার্ভিস অফিসার পান্না মজুমদার, গ্রাহক মাওলানা কামরুল হাসান, চন্দনাইশ বাজার সমিতির সেক্রেটারি ওসমান গণি, তানভীর ইবনে মহিন প্রমুখ।
বক্তারা বলেন, আইএফআইসি ব্যাংকের চন্দনাইশ উপশাখা তিন বছর আগে চালু হওয়ার পর থেকে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুর রহমান আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকবান্ধব ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




