
নেত্রকোনার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় আটপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবির ।
সভায় উপজেলার মোট ৪৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ০৭টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা উদযাপন কমিটির দায়িত্ব এবং পূজা চলাকালীন করণীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও ব্যবহার, পর্যাপ্ত আলোকসজ্জা, দর্শনার্থীদের নিরাপত্তা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন সম্প্রীতিরও প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রকৌশলি মুস্তাকিম বিল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার আলম, থানার অফিসার ইনচার্জ জোবাইদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক সান্তুু, অধ্যাপক আজিজুল হক চন্দন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আমির খসরু স্বপন , জামায়াতে ইসলামীর আমির হুসাইন আহাম্মদ একদিল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটপাড়ার প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।




