
পরিবারের পক্ষ থেকে বিয়ে ঠিক করায় গাজীপুরে তামিমা (১৪) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গাছা থানা এলাকায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তামিমা গাছা থানার এলাকায় এরশাদ আলীর মেয়ে। তার মা নুরুন্নাহার। তারা বারেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য, তামিমা কোনো স্কুলে পড়াশোনা করত না; মায়ের সঙ্গে বাসায় থাকতেন।
সম্প্রতি তামিমার পরিবারের পক্ষ থেকে তার বিয়ে ঠিক করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে বাসায় থাকা অবস্থায় তামিমা আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা হবে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’




