
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের এক প্রতিবাদী ও বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী যুবক মো. নাসির উদ্দিন সোহাগ। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে তাঁর স্লোগান—‘চাই না অন্ন, চাই না বস্ত্র, ক, খ আমার আসল অস্ত্র।’
গত এক দশক ধরে তিনি এ ইউনিয়নের একদল যুবককে সঙ্গে নিয়ে সমাজে বৃক্ষরোপণ অভিযান, রক্তদান কর্মসূচি, গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের অর্থায়নে বই, খাতা ও কলম বিতরণ করে আসছেন। তাঁর অন্যতম লক্ষ্য হলো, যাদের বসতভিটা নেই, তাদের নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা।
এলাকার সাধারণ মানুষ গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, সমাজসেবায় তাঁর কোনো ক্লান্তি নেই।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিঘীরপাড় ইউনিয়নের চেংগাহাটি আয়াতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা ও কলম বিতরণ করেন তিনি। এসব অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নাসির উদ্দিন সোহাগের লক্ষ্য, সমাজ থেকে যৌতুক, বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন অন্যায় ও অবিচার দূর করা। তিনি বলেন, ‘ঘুণে ধরা এই সমাজকে নতুনভাবে সাজাতে হলে একার পক্ষে তা সম্ভব নয়। আমার মতো সমাজের যুবক থেকে শুরু করে প্রবীণদেরও এগিয়ে আসতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।’
এদিকে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে আসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীত আসার আগেই অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।




