
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আমবাগান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাহিনীটি। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শিবগঞ্জ উপজেলার ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি আমবাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাগানের ভেতরে একটি সাদা শপিং ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে অভিযান পরিচালনাকারী দল।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




