
আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো দেশেই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন ও উন্নয়ন দেখা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পুরো দেশেই বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয়নি। ঢাকার আমিন বাজারে ওয়েস্ট টু এনার্জি প্রকল্পের কাজ হাতে নিয়েছি। ঢাকা দক্ষিণে ওয়েস্ট টু এনার্জি অ্যান্ড রিসোর্স প্রকল্পের কাজ আরম্ভ হয়েছে। এখন আমরা জেলা ও উপজেলা শহরগুলোতে শুরু করব। যখন এই কাজগুলো শেষ হবে, যতক্ষণ না পর্যন্ত বর্জ্য ব্যবস্থপনা ঠিক না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা যে দূষণের কথা বলছি; সেই দূষণের উন্নতি করা যাবে না। আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো দেশেই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন ও উন্নয়ন দেখা যাবে।’
সাফারি পার্ক থেকে লেমুর চুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘লেমুরটি ইলিগ্যালি এসেছে। সেটা সাফারি পার্ক থেকে আবার চুরি হয়ে গেছে। এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি, ইনভেস্টিগেশন করছি। আম্বানির চিড়িয়াখানার দুইটা লেমুর এখান থেকে গেছে, এটা তো বলা যাবে না। তবে এটা ঠিক, আমাদের এখান থেকে দুইটা লেমুর চুরি হয়েছে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। যারা দায়ী থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।’
এর আগে দুপুরে মন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এরপর তিনি গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে যান।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর—৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরু—আল—মামুন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফিন, গাজীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।




