
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১০ ও ১১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এতে মোট ৫২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, সম্ভাব্য উপকারভোগীদের শনাক্তকরণ এবং ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রস্তুত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে সারা দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রতিটি কার্ডের বিপরীতে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। এ কাজে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতিত্ব করা যাবে না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী জানান, দুই দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ করবেন। পর্যায়ক্রমে উপজেলার পাঁচটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর সুষ্ঠু বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির, যুবদলের সদস্যসচিব আমিনুর শেখ, পৌর বিএনপির সদস্যসচিব জিহাদুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




