
মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ৫১ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা গ্রামে পাবলিক লাইব্রেরির সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানের বাসিন্দা রতন পালের ছেলে জয় পাল (২৫) এবং মৃত কান্তি লাল রিকিয়াশনের ছেলে শিবা রিকিয়াশন (১৯)।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় দুই যুবক দুটি বাজারের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দলের সদস্যরা তাঁদের আটক করেন। পরে ব্যাগ দুটি তল্লাশি করে ৫১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানা গেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই যুবক ও উদ্ধার করা মদ কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।




