
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর সার্কেলের প্রধান মো. নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ল শাহিন মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রথম পর্যায়ে ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ জানান, পর্যায়ক্রমে মুকসুদপুর উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত মোট ১৩৭ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।




