
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ০৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, রোববার (১১ অক্টোবর) আনুমানিক সকাল ৭ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ০৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা ছিলেন।
বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ এর প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক সকাল ৮ টার দিকে ওই ৪ জন নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে বিজিবি অধিনায়ক (কুষ্টিয়া ব্যাটালিয়ন) রাশেদ কামাল রনি জানিয়েছেন।




