
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মের কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। মাদকের কারণে দেশের বহু তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
শনিবার (১০ অক্টোবর) রাতে বাঁশখালী উপজেলার পুকুরিয়ার চাদঁপুর বাজারে পুকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'মাদক ব্যবসা বন্ধ করা, মাদকসংক্রান্ত অপরাধ দমন এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়ে সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান বিএনপি সরকারও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ জন্য পরিবার, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।'
এ সময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, 'আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি মাদকের বিরুদ্ধে। পাশাপাশি আমরা মানুষকে বুঝানোর চেষ্টা করছি মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার জন্য। মাদক থেকে দেশের যুব সমাজকে বাঁচাতে হলে, আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে এ দেশকে মাদকমুক্ত করতে হবে। আমরা এ প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর হব।'
এ সময় মাদকবিরোধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাঁশখালীর সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী থানার (ওসি) রবিউল হক, ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, রামদাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলাল, বাঁশখালী কোর্টের পিপি অ্যাড. বোরহান উদ্দিন নূরী, বিএনপি নেতা নুরুল আজিম, মনির উদ্দিন ময়ুর, মাঈনুল হক পলাশ, শাহাদাত, মোতালেব, আশফাক প্রমুখ।'




