
হবিগঞ্জের লাখাইয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসু দেবনাথ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) মধ্যরাতে (রাত ১২টা ২০ মিনিট) লাখাই ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই (নিরস্ত্র) প্রণয় কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কামালপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১ নম্বর লাখাই ইউনিয়নের অন্তর্গত কামালপুর গ্রামে রাধা চরন দেবনাথের বাড়ির পাশ থেকে রাসুকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসু দেবনাথ কামালপুর গ্রামের রাধা চরন দেবনাথ ও অর্পনা রানী দেবনাথের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




