
“শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, সাবেক পৌর কাউন্সিলর খালেদা জামানসহ প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে।




