
শেরপুরের নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য ৯২ জন তথ্য সংগ্রহকারী এবং ৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
এ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল আলম লাভলু, আরিফুর রহমান ও নাহিদুল ইসলাম রিজন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অবহিত করা হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




