
ইলমদী স্মৃতিময় সিঁড়ি ব্রিজ। দীর্ঘ দিন ধরে হয়ে আছে কালের স্বাক্ষী এবং আড়াইহাজার উপজেলার হাইজাদী এবং উচিৎপুরা এ দুটি ইউনিয়নবাসির যোগাযোগের মাধ্যম।
ব্রিজটি এ দুটি ইউনিয়নের সীমানা এলাকায় ছাগলবাঘিনি নদীর উপর তৈরী। দূর দূরান্ত থেকে আগত ভ্রমণ পিয়াসী ও ইউটিউবারদের কন্টেন্ট তৈরীর একটি পছন্দের স্থান।
ব্রিজটির এক প্রান্তে উচিৎপুরা ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট (বর্তমানে যেটির পদবী ইউপি চেয়ারম্যান) ডাঃ আজিজ মোল্লার গ্রাম পশ্চিম আতাদী এবং হাইজাদী ইউনিয়নের ইলমদী গ্রামের প্রাণ পুরুষ প্রয়াত কবি বেনজীর আহাম্মেদ এর গ্রামকে জোড়া লাগিয়েছে। ইলমদী গ্রামের যে ঘাটে ব্রিজটির পশ্চিম মাথা অবস্থিত সেটি জামান সাহেবের ঘাট হিসেবেও এলাকায় বিশেষ ভাবে পরিচিত।
ব্রিজটির পশ্চিম পাশে ব্রিটিশ আমলে তৈরী এলাকার প্রথম পাকা মসজিদটি রয়েছে। রয়েছে ঐতিহাসিক জামান সাহেবের বাড়ী ও ইলমদীর ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। বর্তমার হাইজাদী ইউনিয়ন পরিষদ ভবনটি ও এখানে অবস্থিত।
অপরদিকে পূর্ব প্রান্তে রয়েছে উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী, পূর্ব আতাদী, সীতারামকান্দি, টেগুরিয়াপাড়া, ভৈরবদী এ সমস্ত গ্রাম গুলো এবং নবপ্রতিষ্ঠিত আতাদী বাজার, আতাদী উচ্চ বিদ্যালয় ও নব নির্মিত উচিৎপুরা ইউনিয়ন পরিষদ ভবন। দুই ইউনিয়নের এত গুলো গ্রামের সাধারণ মানুষের জমি জিরত রয়েছে ব্রিজ ও নদীর দু পাশে।
মূলত এ দুটি ইউনিয়নের দু পাশের কাছাকাছি অবস্থিত গ্রামগুলোর সাধারণ মানুষের নদী পারাপার এবং যোগাযোগ ব্যবস্থাকে সহজকরণ করার লক্ষ্যেই ১৯৯০ পরবর্তী সময়ে বএিনপির সাবেক এমপি আতাউর রহমান খান অঙ্গুরের আমলে তার বড় ভাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ক্ষুদ্র ও কূটির শিল্প বিষয়ক সম্পাদক এ এম বদরুজ্জামান খান খসরু এ ব্রিজটি নির্মাণ করেন।
ব্রিজটির নির্মাণ পদ্ধতি ও আকৃতি দেখে তখন থেকেই এটিকে একটি ব্যাতিক্রমি ব্রিজ বলে এলাকাবাসি জেনে আসছে। ব্রিজটি অন্যান্য ব্রিজ থেকে অপেক্ষাকৃত উঁচু হওয়ায় এর নিচ দিয়ে অনায়াসে বড় বড় নৌকা যাতায়াত করতে পারতো। নদীতে এখনো নৌকা চলে তবে তা আগের তুলনায় অনেক কম। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেকটা উন্নতি হওয়ায় দূর দুরান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং দর্শণার্থীরা ব্রিজটির সৌন্দর্য তুলে ধরতে প্রায় সময় এখানে আসছেন।
ইলমদী গ্রামের বাসিন্দা মো. বাবুল মিয়া এবং পশ্চিম আতাদী গ্রামের সুমন মোল্লা জানান, দেখতে ব্যাতিক্রম ব্রিজটি দুটি ইউনিয়নবাসির মধ্যে যোগাযোগের এক নতুন মাত্র যোগ করেছে। ব্রিজটি নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরেরা অনেক রকম কন্টেন্ট তৈরী করছেন।




