
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বছর বয়সী কিশোরী কণার বাল্যবিবাহের ঘটনায় তার বাবা কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে স্বামীর বাড়িতে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিয়ে নিবন্ধনকারী কাজী ওবায়দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাঁর নিবন্ধন বাতিলের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৫(১) ও ৫(৩) ধারায় কদ্দুছ মিয়াকে অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার রাতে কিশোরী কণার বিয়ে নিবন্ধন করা হয়। বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজহুরা ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল। তবে বিয়ে নিবন্ধনকারী কাজী ওবায়দুল্লাহকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ১৫ বছর বয়সী কিশোরীর বিয়ে আইনত বাল্যবিবাহ। এ ধরনের বিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে স্বামীর বাড়িতে পাঠানো যাবে না। সংশ্লিষ্ট কাজীকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর নিবন্ধন বাতিলের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এর কম বয়সে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়।




