
গাজীপুর সিটি কর্পোরেশনে (জিসিসি) নাগরিক সেবার মানোন্নয়ন, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার সম্পন্ন হয়েছে। জিসিসি ও আন্তর্জাতিক সংস্থা এসএনভি-র যৌথ আয়োজনে ছুটি রিসোর্টে ‘নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের অধীনে ১২-১৪ অক্টোবর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জিসিসি প্রশাসক মো. শওকত হোসেন সরকার সেবার মান বাড়াতে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএলসিসি সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদেরসহ অন্যান্য কর্মকর্তা।
প্রশিক্ষণে সমন্বিত সভা পরিচালনা, নাগরিকদের মতামত গ্রহণ, বাজেট ও উন্নয়ন পরিকল্পনা এবং পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততার কৌশল শেখানো হয়। এছাড়া নারী, যুবসমাজ, নিম্নআয়ের মানুষ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানো এবং নারীদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগে এলাকার সমস্যা তুলে ধরাসহ জবাবদিহিমূলক ও গতিশীল নগর ব্যবস্থাপনা গড়ে উঠবে।




