
দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে হাজারো চা শ্রমিক এ কর্মসূচি পালন করেন।
বুধবার সকাল থেকে শ্রমিকরা ফ্যাক্টরির সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সকাল ১০টায় চা বাগানের কর্মরত সকল শ্রমিকরা একত্রিত হওয়ার পর অবস্থান ধর্মঘট শুরু করেন। কর্মসূচী পালনকালে চা শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষের কোনো টালবাহানা চলবে না। আজ পূজার বোনাস ও বকেয়া না নিয়ে আমরা যাব না।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বক্তব্য রাখেন মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাং প্রমুখ।
মিরতিংগা চা বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। তবে কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় এবার ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি শ্রমিকদের বোনাস প্রদানের জন্য। তবে শ্রমিকেরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।



