
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন করে গ্রাম পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির মিয়া।
সভায় তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে একজন করে গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদকে অবহিত করতে হবে।
এ সময় দুর্গাপূজার আনন্দকে আরও উৎসবমুখর করতে পূজামণ্ডপগুলোর দায়িত্বপ্রাপ্তদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি মণ্ডপগুলোর বিভিন্ন সমস্যা সমাধান, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সুশৃঙ্খলভাবে পূজা উদ্যাপনের আহ্বান জানান তিনি।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটির সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।




