
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে জয়নাল আবেদীন (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকা সংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নাল আবেদীনের পিতার নাম নয়া মিয়া, সাং-দাঙ্গাপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রেললাইনের ওপর এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। জয়নাল আবেদীনের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি হুসাইন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




