
নাটোরের বড়াইগ্রামে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। যৌথ অভিযানের মাধ্যমে উপজেলার রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তফা (৪২) পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। পরে জব্দ করা জাল নোট ও দুটি মোবাইল ফোনসহ তাঁর বিরুদ্ধে মামলা করে তাঁকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির যৌথ আভিযানিক দল বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজতে থাকা ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।




