
'আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি' এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ'র উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও কারিতাসের কর্মকর্তা-মাঠ সহায়কসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন, হেডম্যান ক্যাচিংউ চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন ও সাংবাদিক মো. রবিউল হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, 'খাদ্য মানুষের মৌলিক অধিকার। তবে শুধু খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করলেই হবে না, বরং সবার জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে'। সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।




