
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তৃতীয় লিঙ্গের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৌসুমি (২৮), কমরী (৩২) ও মুক্তা (২৫)। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকার বাসিন্দা।
চন্দনাইশ থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয় এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ১৬ অক্টোবর চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




