
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একমাত্র পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার যক্ষাবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। সেখানে পৌঁছালে পূজা উদ্যাপন কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে ইউএনও পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় দর্শনার্থী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, পূজা উদ্যাপন কমিটির সভাপতি তপন কান্তি দে, রাধাকৃষ্ণ হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি মদন মোহন নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




