
নোয়াখালীতে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্পদের সুষম বণ্টনের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তাগণ।
শনিবার জেলা শহরের মাস্টারপাড়ায় এনআরডিএস সেন্টারে ‘জিক্যাপ’ (GCAP) ও বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস যৌথভাবে এ সভা আয়োজন করে।
মতবিনিয় সভায় বক্তাগণ বলেন, দারিদ্র্য মানুষের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। বিশ্বব্যাপী যুদ্ধ-সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ-মহামরীসহ নানা কারণে নতুন করে অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে, যা দারিদ্র্য পরিস্থিতিকে আরও প্রকট করে তুলছে।
দেশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরে তাঁরা বলেন, মাত্র ১০ শতাংশ মানুষের হাতে দেশের মোট সম্পদের ৫৮ দশমিক ০৬ শতাংশ রয়েছে। এ বৈষম্য নিরসনে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।
তাঁরা আরও বলেন, বাজারে পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও মজুত থাকলেও বেকারত্ব, কম মজুরি এবং লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। ফলে অনেক মানুষ চরম দারিদ্র্যের দিকে ঠেলে পড়ছে।
সভায় দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বী, টেকসই সমাজ গঠনে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসংস্থানকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সবার সমান সুযোগ নিশ্চিত করা এবং প্রতিটি পরিবারে পুরুষের পাশাপাশি অন্তত একজন নারীর আয় বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
বক্তাগণ বলেন, দারিদ্র্যমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মতবিনিয়ম সভায় সভাপত্ত্বি করেন উদীচীর সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন। আলোচনা সমন্বয় করেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল।
বক্তব্য রাখেন বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ,বাসদ (মার্কসবাদী)-এর জেলা সমন্বয়ক বিটুল তালুকদার, মৈত্রী কৃষক সমিতির সভাপতি মনির আহমেদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু ও জামাল হোসেন বিষাদ, নারী অধিকারকর্মী রওশন আক্তার লাক, অ্যাডভোকেট মিজান তালুকদার, তৃণমূল নারী প্রতিনিধি খোদেজা আক্তার ও শিরিন আক্তার।




