
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় ইভা নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের মো: সোহেল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইভা রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি অটোবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুশফিকুর রহমান রাজিব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন (পিপিএম) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




