
পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন রোববার (১৮অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা। পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে মাঠপর্যায়ে তৎপর রয়েছেন তাঁরা।
পরিদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা।
প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
স্থানীয় পর্যায়ে পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সার্বিক প্রস্তুতি তদারকিতে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




