
জয়দেবপুর রেলওয়ে জংশনে আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন—আকাশ হোসেন (২৩), মো. রাজিব (২৩), মো. নাজমুল হোসেন নাদিম এবং শিউলি আক্তার সুমি (৩৫)।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর জয়দেবপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টিকে (২২) আটক করে রেলওয়ে পুলিশ। আটককৃতদের ছিনিয়ে নিতে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা চালায়। এতে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হন।
উক্ত ঘটনায় ১৬ অক্টোবর রেলওয়ে পুলিশের এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে এসআরবি-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও সোর্সের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আকাশ ও রাজিবসহ তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি নাজমুল ও শিউলিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, হামলার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার রাতে জিএমপি সদর থানা পুলিশ মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রাথমিক ৩ জনকে গ্রেপ্তার করেছিল। এসআরবি’র নতুন অভিযানে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭ জনে।




