
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় ২৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারি, নিয়মিত টহল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রেখেছে বাহিনীটি।
রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি।
ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, ঠাকুরগাঁও সেক্টরের আওতাধীন ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপ এবং জেলা সদরের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিন জেলার সীমান্তে থাকা ৬২টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি ব্যাটালিয়ন সদর ও সংশ্লিষ্ট এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বাড়তি সদস্য মোতায়েনের পাশাপাশি যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে র্যাপিড রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত টহলের মাধ্যমেও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পূজামণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যেকোনো অপ্রীতিকর ঘটনা, সন্দেহজনক তৎপরতা কিংবা গুজবের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবি সদর দপ্তর ও আঞ্চলিক ব্যাটালিয়নগুলোতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সেক্টর কমান্ডার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিজিবির টহল দলকে অবহিত করতে হবে।
সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের সীমান্ত নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সেক্টর কমান্ডার।



