
পাবনার চাটমোহর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মেঘার বিলে অভিযান চালিয়ে মোট ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ উপস্থিত থেকে জালগুলো ধ্বংস করেন।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মেঘার বিলে অভিযান জালানো হয়। অভিযানে ১০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকার বেশি। অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




