
কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম দুর্ঘটনায় মারা গেলেন জামাতা নুরুল ইমতিয়াজ। সোমবার (২৪ আগস্ট) ১০টার দিকে উত্তর ধুরুং মনু সিকদার পাড়ায় আজম রোডে দুর্ঘটনার শিকার হন তিনি। সে তেলিয়াকাটা গ্রামের মৃত মনিরুজ্জামান এর পুত্র।
রাজমিস্ত্রী ইমতিয়াজের মেয়ের জামাই মাহমুদুল করিম বলেন, তার শ্বশুর নুরুল ইমতিয়াজ (৫৫) সোমবার বাড়ি থেকে টমটম যোগে মাংস ও বিভিন্ন দ্রব্য নিয়ে একই ইউনিয়নে মনু সিকদার পাড়ায় গত শুক্রবারে মারা যাওয়া শ্বশুর রহমত উল্লার কুলখানিতে যাচ্ছিলেন।
টমটমটি আজম রোড হয়ে মনু সিকদার পাড়ায় পৌছিলে নামার আগে আকবর বলী পাড়া ঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি মাহিন্দ্র সজোরে মুখোমুখি ধাক্কা লেগে টমটম উল্টে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগে কর্মরত ডা. বিপ্লব রুদ্র তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। চ্যানেল পার হয়ে মগনামা ঘাটে ওঠার পর তার মৃত্যু হলে বাড়িতে নিয়ে আসা হয়।
থানার এস.আই প্রবাল সিনহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের পরিবার দুর্ঘটনায় মারা যাবার মৃত্যু সনদ নিয়ে আইনী প্রক্রিয়ায় না যেতে লিখিত অঙ্গিকার দেয়ায় দাফনের জন্য মরদেহ হস্তান্তরের কথা জানান তিনি।




