
হবিগঞ্জ শহরের বেসরকারি চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ সাংবাদিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার (২৪ আগস্ট) রাতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এই তদন্ত কমিটি গঠন করেন। তাঁর স্বাক্ষরিত অফিস আদেশের কপি রাত সাড়ে ১০টায় প্রকাশ করা হয়।
অফিস আদেশে বলা হয়, ২৪ আগস্ট বিকেল আনুমানিক ৬টার দিকে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ইন্তেকাল করেন। তাঁর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাকালে তাঁকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে এবং কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যে অবহেলা করেছেন।
অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটনে জেলা প্রশাসক চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপারের মনোনীত প্রতিনিধি, জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের একজন প্রতিনিধি।
জেলা প্রশাসকের আদেশে তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ এবং প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে বলা হয়েছে।
এদিকে প্রবীণ সাংবাদিক ও রাজনীতিবিদ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে হবিগঞ্জে জনমনে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।




