
“শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী” স্লোগানকে ধারণ করে এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের বিশ্বস্ত অংশীদার হওয়ার অঙ্গীকার নিয়ে সিটিজেনস ব্যাংক পিএলসি “সিটিজেনস ইসলামিক” নামে আনুষ্ঠানিকভাবে এর ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে।
সিটিজেনস ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে শরিয়াহসম্মত, নৈতিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে সিটিজেনস ব্যাংকের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান; পরিচালক মোখলেসুর রহমান, এস. এম. শফিকুল হক ও মোঃ রফিকুল আলম; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এ. কে. এম. শহীদুল হক; সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন; শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ; শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান ও মুফতি মঈনুল ইসলাম; এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ আবদুল লতিফ।
এছাড়াও অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের বিশিষ্ট অতিথি ও ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ, স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে ধর্মীয় বিশ্বাস ও আর্থিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশীদারিত্বভিত্তিক ব্যাংকিং সেবা প্রত্যাশী গ্রাহকরা সিটিজেনস ব্যাংকের মাধ্যমে শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং বিভিন্ন উৎপাদনশীল খাতের জন্য নতুন ও সম্প্রসারিত অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে। ইসলামিক ব্যাংকিংয়ের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সিটিজেনস ব্যাংক গ্রাহকদের জন্য আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করতে সক্ষম হবে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও সমৃদ্ধ আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলায় ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




