
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। এতে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ নতুন বেতন কাঠামোর পাশাপাশি এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হারও নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত পাবেন ৫০ শতাংশ এবং গ্রেড-৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত পাবেন ৪৫ শতাংশ।
অন্যদিকে, গ্রেড-৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
যেসব এলাকায় বাড়িভাড়া কিছুটা কম
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার ঢাকার তুলনায় কম রাখা হয়েছে।
এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত পাবেন ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা পাবেন ৩০ শতাংশ হারে বাড়িভাড়া।
অন্যান্য এলাকায় বাড়িভাড়া কত
অন্যান্য এলাকার জন্য গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত চাকরিজীবীরা পাবেন ৩৫ শতাংশ।
এ ছাড়া গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
বর্তমানে যে হারে বাড়িভাড়া পাওয়া যায়
বর্তমান বেতন কাঠামো অনুযায়ী ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়। ৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে হার ৬০ শতাংশ, তবে ন্যূনতম বাড়িভাড়া ৬ হাজার ৪০০ টাকা।
মূল বেতন ১৬ হাজার ১ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত হলে ৫৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়। আর ৩৫ হাজার ৫০১ টাকার বেশি মূল বেতনের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ হারে, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়।




