
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম সোনার দাম ভ্যাটসহ ২০ হাজার ১১৫ টাকা। সেই হিসাবে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২১০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৪৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে রুপার অলংকারের মূল্যও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ভ্যাটসহ ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২৭৫ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী এর সঙ্গে মজুরি প্রযোজ্য হবে।




