
বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ভারসাম্য, বিদেশি বিনিয়োগ এবং আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে বাংলা কিউআর (Bangla QR)-এর ব্যবহার সম্প্রসারণ এবং আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট চালুর ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
ভারতের হাইকমিশনার বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।
গভর্নর বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।




