
বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বর্তমান অবস্থা, বিকাশ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর রাজধানীতে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এ কে এন আহমেদ অডিটোরিয়ামে ‘Digital Finance, Fintech and Future of Banking in Bangladesh’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. ওবায়েদ উল্যা চৌধুরী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর মাহমুদ। তিনি ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বর্তমান প্রবণতা, আর্থিক খাতে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ব্যাংকিংয়ের দ্রুত সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরেন।
পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলম, বিআইবিএম (প্রেষণ)-এর সিনিয়র ফ্যাকাল্টি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) দেবদুলাল রায় এবং নগদ লিমিটেডের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মোতাছিম বিল্লাহ।
প্যানেল আলোচনায় বক্তারা উদ্ভাবনী আর্থিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ও যথোপযুক্ত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘One Person, One ID’, ডেটা ব্যবস্থাপনা ও নিরাপদ ডেটা শেয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আন্তঃপরিচালনযোগ্যতা (Interoperability) নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।
সেমিনারের পর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ডিজিটাল ফাইন্যান্স, ফিনটেক, ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তা ও প্যানেল আলোচকরা এসব প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অনুষদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. ওবায়েদ উল্যা চৌধুরী সেমিনারটি সঞ্চালনা করেন। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




