
দ্রুত বীমা দাবি পরিশোধের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার বীমা গ্রাহকদের ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
রোববার (১১ অক্টোবর ২০২৬) চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মো. খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেন। এ ছাড়া কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।
গ্রাহকদের বীমা দাবি দ্রুত পরিশোধের লক্ষ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ চেক হস্তান্তর করা হয়।




