
দূর-দূরান্ত ও চরাঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে চালু হয়েছে ২০ টাকার মধ্যাহ্নভোজের ব্যবস্থা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যানটিনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখন থেকে মাত্র ২০ টাকায় শিক্ষার্থীরা ভাত, ডাল, ডিম, ভর্তা, সবজি, মাংস ও খিচুড়িসহ বিভিন্ন খাবার পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি ফখরুজ্জামান জেড, প্রতিষ্ঠাতা সদস্য ফয়জার রহমান, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন বেপারী, জামায়াতের আমির আব্দুল জলিলসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের। দুই উপজেলা ও একটি থানার বিভিন্ন চরাঞ্চল থেকে অনেকে কলেজে আসেন। তাঁদের অনেকেই দুপুরের খাবার সঙ্গে আনতে পারেন না। ফলে না খেয়ে ক্লাস করায় পড়াশোনায় মনোযোগে ব্যাঘাত ঘটে।
অধ্যক্ষ বাবুল আক্তারের উদ্যোগে চালু হওয়া এ ক্যানটিনে শুরুতে প্রতিদিন ১০০ জন শিক্ষার্থীর খাবারের ব্যবস্থা থাকবে। আপাতত ব্যয় বহন করবে কলেজের নিজস্ব তহবিল।
শিক্ষার্থী নয়ন বলেন, আগে দুপুরে খাবারের জন্য বাইরে যেতে হতো। এখন ২০ টাকায় কলেজেই খাবার পাওয়া যাবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।
অধ্যক্ষ বাবুল আক্তার বলেন, কোনো শিক্ষার্থী যেন শুধু খাবারের জন্য ক্লাসে অমনোযোগী না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ। বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করলে খাবারের মান ও পুষ্টিগুণ আরও বাড়ানো সম্ভব হবে।
সোনাহাট ডিগ্রি কলেজে বর্তমানে দুই উপজেলা ও একটি থানার ৯০০ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।




