
নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বশির আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মুহাম্মদ ছফিউল্লাহ এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মো. রেজাউল করিম ভূঞা মনোনীত হয়েছেন।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন , দারিদ্র্য বিমোচন, খেলাধুলার প্রসার, মাদক নির্মূল, এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সুখে-দুঃখে ও বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে পরিচিত।
ইঞ্জিনিয়ার বশির আহমেদ এর আগেও এই স্কুলের সভাপতি ছিলেন। তখন স্কুলের লেখা পড়ার মান বৃদ্ধি সহ অবকাঠামো উন্নয়ন করে প্রশংসিত হয়েছেন।
শিক্ষা বোর্ডের অনুমোদনপত্রে স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিধি মোতাবেক বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকৌশলী বশির আহমেদ অত্র স্কুলের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।




