
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ত্রৈমাসিক সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বুলেটিনের জবি প্রতিনিধি মো. আকাশ আহমেদ রুপম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৫২ নম্বর কক্ষে জবি প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালায় তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অব নিউজ শফিক আহমেদ, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ডেপুটি এডিটর আব্দুর রহমান জাহাঙ্গীর এবং দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন। কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, সাক্ষাৎকার গ্রহণ, তথ্য যাচাই, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং গণমাধ্যমে কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অব নিউজ শফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনবির ডেপুটি এডিটর আব্দুর রহমান জাহাঙ্গীর ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান। এছাড়া জবি প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম ও মো. রায়হান হোসেন, সভাপতি মুশফিকুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে জবি প্রেসক্লাবের পক্ষ থেকে ত্রৈমাসিক সেরা সাংবাদিক হিসেবে আকাশ আহমেদ রুপম, রোকনুজ্জামান গোলাম রাব্বি, রাকিব খান ও হাসনাত হাবিবকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে জবি প্রেসক্লাবের সভাপতি মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের প্রেসক্লাবের সাংবাদিকরা যেন তাদের কাজে আরও উৎসাহিত হন এবং ভবিষ্যতে ভালো কাজ করেন, সেই উদ্দেশ্যেই এই সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া যারা এই বিশ্ববিদ্যালয়ে এসে সাংবাদিকতা করেন, কষ্ট ও অক্লান্ত পরিশ্রম করেন, তাদের এই সম্মাননাটুকু দেওয়া আমাদের দায়িত্ব।’
সম্মাননা পেয়ে আকাশ আহমেদ রুপম জানান, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে যুক্ত আছি। এখানে অনেক সময় কাটিয়েছি এবং নিজের সাধ্য অনুযায়ী পরিশ্রম করে যাচ্ছি। বর্তমানে আমি বাংলাদেশ বুলেটিনের জবি প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমার কাজের স্বীকৃতি হিসেবে জবি প্রেসক্লাব আমাকে এই সম্মাননা দেওয়ায় প্রেসক্লাবের সভাপতি, উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন আরও ভালো কাজ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’




