
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। এছাড়া মাস্টার্সের প্রথম সেমিস্টারে তিনি ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়।
সামাজিক বিজ্ঞান অনুষদ সূত্রে জানা গেছে, সোমবার ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড এবং অনুষদের শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও নিবন্ধের পুরস্কার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।




