
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, শিক্ষার ভিত্তি ভালো না হলে পরবর্তী স্তরের শিক্ষাও ভালো হবে না। এ কারণে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভালো শিক্ষার জন্য ক্যাম্পাসের বাইরে যেতে হয়। ক্যাম্পাসকেন্দ্রিক এ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। স্কুলটি প্রচলিত স্কুলের চেয়ে আরও ভালোভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতে একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরাই নয়, স্থানীয় বাসিন্দারাও এ স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাতে পারবেন। সবার জন্য সমান সুযোগ থাকবে। শিক্ষার্থীদের অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে বিষয়টিও বিবেচনায় নিয়ে স্কুলের ব্যয় নির্ধারণ করা হবে।
স্কুলের বর্তমান অবস্থা তুলে ধরে উপাচার্য বলেন, বর্তমানে পাঁচজন শিক্ষক স্কুলটিতে পাঠদান করছেন। তারা অবৈতনিকভাবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকদের বেতন দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ ও আবেদন করা হয়েছে এবং এরই মধ্যে অনুমোদন পাওয়া গেছে। দ্রুতই স্কুলটি সরকারি করার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, স্কুল অ্যান্ড কলেজ ভবনটি সম্পূর্ণ নিরাপত্তাবেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান বক্তব্য দেন।
এ সময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্কুল অ্যান্ড কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি তলায় ১১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের নবনির্মিত ভবনটি পাঁচতলা বিশিষ্ট। ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।




