
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের উদ্যোগে ৫৫ তম আবর্তনের নবীন বরণ, প্রীতিভোজ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৭ টায় ভাসানী হলের মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, প্রভোস্ট কমিটির সভাপতি লুৎফুর এলাহী, মওলানা ভাসানী হলের প্রভোস্ট ও সম্মানিত আবাসিক শিক্ষকবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর, ভাসানী হল সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন হলের ভিপি, জিএস এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে উঠেছিল অত্যন্ত সুন্দর, আনন্দময় ও স্মরণীয়। নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা এবং পুরষ্কার প্রদান—দুটিই ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।
মওলানা ভাসানী হল সংসদের সভাপতি ও প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মওলানা ভাসানী হল ছাত্র সংসদ ও হল কর্তৃপক্ষের আয়োজিত আজকের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ—সকলকে হলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রথমেই ৫৫তম আবর্তনের যারা মাওলানা ভাসানী হলে এসেছো, তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। তোমরা যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছো, সেই স্বপ্ন ও প্রত্যাশা থেকে বিচ্যুত হবে না এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে—এ প্রত্যাশাই ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, গত এক বছরে হলকে এগিয়ে নিতে ভিপি, জিএসসহ হল সংসদের সকল সদস্য যে অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমৃদ্ধ করার জন্য মাননীয় উপাচার্যসহ সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।




